নিজস্ব প্রতিবেদক;
জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মায়মুনের নেতৃত্বে সংগঠিত হওয়ার পরিকল্পনা করছিল। আনসার আল ইসলামের সঙ্গে শারক্বীয়ার সেতুবন্ধনে কাজ করছিলেন তিনি। এছাড়া তিনি অভিনব কৌশলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্থ ও অস্ত্রের জোগানদাতা ছিলেন।
বৃহস্পতিবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গ্রেফতার আব্দুল্লাহ মায়মুন ২০১৩ সালে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনে যোগ দেন। তিনি সংগঠনের সিলেট বিভাগীয় প্রধান ছিলেন। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নেতা জিয়াউর রহমানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। তার সিলেটের বাসায় জিয়ার যাতায়াত ছিল।
এ র্যাব কর্মকর্তা বলেন, ২০১৯ সালে বগুড়ার একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হন মায়মুন। এক বছরের বেশি সময় কারাভোগ করে ২০২০ সালের শেষদিকে মুক্তি পান।
খন্দকার আল মঈন বলেন, তারা নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে বর্তমানে ছন্নছাড়া অবস্থায় রয়েছে। তাই তার পূর্ববর্তী জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতার আব্দুল্লাহ মায়মুন নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে।
Leave a Reply