চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শহরের নেয়ামতনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় রুপির জালনোট উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে জালনোট প্রস্তুত ও বিক্রির চক্রের মূল হোতা বশির উদ্দিনকেও (৪৯) গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার ওই বাড়িতে র্যাব অভিযানটি পরিচালনা করে।
অভিযানে মোট সাত লাখ ৯ হাজার ৫০০ ভারতীয় রুপির জালনোট উদ্ধার করা হয়। এ ছাড়াও জালনোট প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম—৮০০ গ্রাম আঠা ও প্লাষ্টিকের প্রলেপ বা রজন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত বশির জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের আজাহর আলীর ছেলে। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় জালানোট ব্যবসার একটি সিন্ডিকেট চালানোর অভিযোগ এনেছে র্যাব।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বশির তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তিনি ২০১৬ সাল থেকে জালানোটের ব্যবসায় জড়িত থাকার কথা জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ওই নির্জন বাড়িটি ব্যবহার করে তিনি এই ব্যবসা পরিচালনা করছেন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
র্যাবের এই অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। তিনি বলেন, বশিরের বিরুদ্ধে জালনোট সম্পর্কিত পূর্বের তিনটিসহ এখন পর্যন্ত ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদে তিনি তার সিন্ডিকেট সম্পর্কিত কিছু তথ্যও দিয়েছেন। এ ব্যবসায় জড়িত আরো চার থেকে পাঁচ জন সম্পর্কে কিছু তথ্য জানা গেছে। এ সিন্ডিকেটের ব্যাপারে তদন্ত চলছে ও জড়িত অন্যদের আটকে অভিযান চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
Leave a Reply