পটুয়াখালীপ্রতিনিধি:
ফাইল ছবি
মহিপুরে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ মে) মহিপুর থানার ওসি (তদন্ত) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৯ মে) রাত ১১টার দিকে লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি গৃহবধূর নাম মোছা. মমতাজ বেগম (৫০)। তিনি দুই সন্তানের জননী। গ্রেপ্তারকৃত ব্যক্তি নিহতের স্বামী মো. শাহ আলম হাওলাদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলম অর্থনৈতিকভাবে সমস্যায় থাকায় তার মানুষিক অবস্থা তেমন ভালো যাচ্ছিল না। সোমবার রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমাতে যায়। একপর্যায় স্ত্রীকে কৌশলে পুকুর পাড়ে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। এ সময় মরদেহ পুকুরে ভাসিয়ে দেন স্বামী।
এদিকে স্ত্রীকে হত্যার পর পার্শ্ববর্তী ধুলাসার ইউনিয়নের বড়হরপাড়া গ্রামে শাহ আলমের বড় ভাই সানু হাওলাদারের ছেলে শহিদ চৌকিদারের বাড়ি গিয়ে এসব কথা নিজেই স্বীকার করেন। পরে পরিবারের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি (তদন্ত) মো. হাফিজুর রহমান বলেন, সোমবার রাতে খবর পেয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের স্বামীকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় নিহতের ভাই কাশেম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
Leave a Reply