নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন দেশের শিল্প খাতে রোবটের ব্যবহার শুরু হয়ে গেছে। বাংলাদেশের উদ্যোক্তারাও এ বিষয়ে আগ্রহী হয়ে উঠছেন। বৈশ্বিক চাহিদা বিবেচনায় দেশে ইন্ডাস্ট্রিয়াল রোবট অ্যাসেমব্লিংয়ে সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
গত সোমবার ফোরআইআর অ্যান্ড আইসিটি ওয়ার্কিং কমিটির চতুর্থ সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশে ইন্ডাস্ট্রিয়াল রোবট অ্যাসেমব্লিংয়ে সম্ভাবনা তৈরি হয়েছে। এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে, যাতে করে ইন্ডাস্ট্রিয়াল রোবট অ্যাসেমব্লিংয়ের মাধ্যমে নতুন কর্মসংস্থান হয়।
বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম বলেন, চীন ও তুরস্কের শিল্প খাতে রোবটের ব্যবহার শুরু হয়েছে। সেখানে শুরুর দিকে কর্মসংস্থান কমলেও ধীরে ধীরে তা পুনরুদ্ধার হয়েছে। দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোতে কী ধরনের রোবটের প্রয়োজন, সে বিষয়ে একটি জরিপ চালনার সুপারিশ করেন তিনি।
আমেরিকার কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহেদি আনোয়ার বলেন, স্মার্ট ও উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবার প্রসার ঘটাতে হবে।
Leave a Reply