নিজস্ব প্রতিবেদক:
পুনরায় নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে আইএফআইসি ব্যাংকের চাকরিচ্যুত চার শতাধিক কর্মকর্তা। দাবি মানা না হলে বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে ব্যাংকের সামনে লাগাতার অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন তারা। এছাড়া সালমান এফ রহমানের ইন্ধনে আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে বলে অভিযোগ করেছেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তারা।
রাজধানীর পল্টনে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন চাকরিচ্যুত কর্মকর্তারা।
তারা বলেন, মঙ্গলবারের মধ্যে দাবি মানা না হলে ব্যাংকে প্রবেশ করতে দেয়া হবে না বর্তমান এমডিসহ কর্মকর্তাদের। তুলে ধরা হবে তৎকালীন এমডির দুর্নীতির ফিরিস্তি।
আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে দাবি করে তারা জানান, অবিলম্বে চাকরি বহাল করা না হলে আগামী বুধবার থেকে ব্যাংকের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।
সালমান এফ রহমানের ইন্ধনে ব্যাংকের সাবেক উপদেষ্টা ও ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন জানিয়ে সাবেক কর্মকর্তারা বলেন, আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের সন্তানদের লেখাপড়া করাতে পারছি না। অর্থের অভাবে আমাদের অনেক সহকর্মী হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। অবিলম্বে আমাদের চাকরি বহাল করা না হলে আমরা ঘরে ফিরব না।
Leave a Reply