নিজস্ব প্রতিবেদক :
শাহবাগ অবরোধ ও সচিবালয়ের উদ্দেশ্যে লংমার্চ পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও দুপুরের মধ্যে চার দফা দাবি না মানা হলে আমরণ অনশন।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মুজাহিদুল ইসলাম।
তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে থেকে আজও আমাদেরকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। তারা আমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে তিনদিন সময় নিয়েছে। তবে আমাদের অন্য তিনটি দাবির বিষয়ে কোনো সুরাহা দেয়নি। কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা রাতেও শহীদ মিনারে অবস্থান করব এবং আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করব। যদি এই সময়ের মধ্যে দাবি পূরণ না হয়, তাহলে আমরা আমরণ অনশনে যাব।
পুলিশি হামলার অভিযোগ করে ম্যাটস আন্দোলনের সমন্বয়ক বলেন, আমাদের একটি টিম যখন স্বাস্থ্য উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে মন্ত্রণালয়ে বৈঠকে গিয়েছিল, তখন আমাদের শিক্ষার্থীরা প্রেস ক্লাবে অবস্থানের উদ্দেশ্যে শাহবাগ থেকে যাত্রা শুরু করেছিল। কিন্তু শাহবাগের দিকে যাওয়ার সময় আমাদের শিক্ষার্থীদের ওপর পুলিশ অতর্কিত হামলা চালায়। ওই হামলায় আমাদের ৬০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এছাড়া সবমিলিয়ে ১২০ জনের মতো শিক্ষার্থী হামলায় আহত হন। তাদের মধ্যে অনেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
হামলায় জড়িতদের বিচার দাবি করে তিনি বলেন, আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যে পুলিশগুলো আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে, তারাই ফ্যাসিস্ট হাসিনার সময়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালিয়েছিল। আমরা এই হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।
এর আগে বেলা ১১টার দিকে চার দফা দাবিতে শাহবাগে কয়েকশ ম্যাটস শিক্ষার্থী লংমার্চ করে এসে সড়কে অবস্থান নেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল পৌনে ৩টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে আন্দোলনরত ম্যাটস শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী। তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টা আমাকে আপনাদের সঙ্গে কথা বলতে পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি আপনাদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেছেন। এমনকি আগামীকালের মধ্যে দশম গ্রেডে নিয়োগের সার্কুলার দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
তবে তবে আগামীকাল নয়, আজকের মধ্যে সার্কুলারের দাবিতে অনড় থাকেন ম্যাটস শিক্ষার্থীরা। ৭ দিনের বিরতির পর আবারও আশ্বাসের ঘোষণায় ক্ষুব্ধ আন্দোলনরতরা ‘ভুয়া ভুয়া’, ‘আশ্বাস নয়, ঘোষণা চাই’ স্লোগান দেয়। পরে সচিবালয়ের উদ্দেশ্যে লংমার্চ করতে গেলে পুলিশের বাধার মুখে পরেন তারা। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হয়।
Leave a Reply