ময়মনসিংহ প্রতিনিধি,
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের এক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক কার্যালয়ের পাশেই তার বসতবাড়ি। হঠাৎ তিনি কার্যালয়ের জানালা ভাঙা অবস্থায় ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনকে ডেকে আনেন। পরে স্থানীয়দের সহায়তায় বালি ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি নিজ বাসায় ছিলেন। ফোন পেয়ে দ্রুত কার্যালয়ে আসেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানালা ভাঙার বিষয়টি জানা গেছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply