আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)র আওতাধীন টিএনটি খালের ব্লক নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের ইট, বালি ও প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার করে কাজ করা হচ্ছে, যা প্রকল্পের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে।
স্থানীয় সূত্র জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্জিনা এন্টারপ্রাইজের মালিক হুমায়ন আহম্মেদ প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে খালটির ব্লক নির্মাণকাজ বাস্তবায়ন করছেন। কাজ শুরুর পর থেকেই ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান নিয়ে আপত্তি তুলছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, সিমেন্টের পরিমাণ কম দেওয়ায় ঢালাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই ব্লকের অংশবিশেষ হাতের আঙুলের চাপেই উঠে পড়ছে।
এলাকাবাসীর মধ্যে এ নিয়ে ক্ষোভ বাড়ছে। তারা জানান, কয়েক দিন ধরে নিম্নমানের কাজ বন্ধ করে মানসম্মত সামগ্রী ব্যবহারের অনুরোধ জানানো হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়নি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হলেও কাজের মানে দৃশ্যমান পরিবর্তন হয়নি বলে অভিযোগ।
এরশাদপুর এলাকার বাসিন্দা ইয়াছিন মিয়া বলেন, প্রায় পাঁচ দিন আগে ঠিকাদারি প্রতিষ্ঠান ইট ও বালি মজুদ করে। তখনই আমরা এসব সামগ্রী দিয়ে কাজ না করতে বলি। কিন্তু আমাদের কথা শোনা হয়নি। পরে পাউবোর কর্মকর্তাদের জানানো হলেও একইভাবে কাজ চলছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কার্য সহকারী আশিকুর রহমান বলেন, নিম্নমানের কাজ করার কোনো সুযোগ নেই। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছি প্রয়োজনে নিম্নমানের ইট অপসারণ করে সঠিকভাবে কাজ করতে।
চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহম্মেদ এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই। আপনাদের কাছ থেকে জেনে নোট করছি। সেখানে কোনো অনিয়ম পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকাবাসীর প্রশ্ন—চোখের সামনে এত অনিয়ম কীভাবে হচ্ছে, আর প্রতিবাদ করলেই কেন হুমকি দেওয়া হচ্ছে? দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবী তুলেছেন স্থানীয়রা।
Leave a Reply