জ্যেষ্ঠ প্রতিবেদক:
সরকারি ট্রেজারি বন্ড জামানত রেখে গ্রাহকদের ঋণ দেওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করার কথাও জানিয়েছে।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ–১ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, লিয়েনকৃত সরকারি বন্ডকে যোগ্য জামানত হিসেবে অন্তর্ভুক্ত করার পর ট্রেজারি বন্ডের বিপরীতে গ্রাহকদের ঋণ দেওয়ার বিষয়ে ব্যাংকগুলোর আগ্রহের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। এ প্রেক্ষাপটে ট্রেজারি বন্ড জামানত হিসেবে রেখে ঋণ বিতরণের ক্ষেত্রে কিছু নির্দেশনা নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ট্রেজারি বন্ডের বিপরীতে গ্রাহকদের ওভারড্রাফট বা মেয়াদি ঋণ দেওয়ার আগে ব্যাংককে ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এফএমআই) সিস্টেমে সংশ্লিষ্ট বন্ডে লিয়েন মার্ক করতে হবে। বন্ডের অভিহিত মূল্য বা ফেস ভ্যালুর সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া যাবে।
তবে সুদসহ ঋণের মোট স্থিতি কোনো অবস্থাতেই বন্ডের অভিহিত মূল্য অতিক্রম করতে পারবে না। পাশাপাশি ঋণের মেয়াদ কোনোভাবেই বন্ডের মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।
এছাড়া ট্রেজারি বন্ড কেনার উদ্দেশে ব্যাংক কোনো ঋণ দিতে পারবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ সাল পর্যন্ত সংশোধিত) এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
Leave a Reply