1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

বগুড়াপ্রতিনিধি

দোয়া মাহফিল

নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত, খাবার বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

এদিন সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। সকালে মহানগরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পতাকা উত্তোলনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর সামাজিক কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বগুড়া সদর উপজেলার শাখারিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় শাখারিয়া ডাঙা এলাকার একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর বাদ জোহর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শহীদ খোকন পার্ক থেকে মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়া মাটিডালি বিমানবন্দর মোড়ে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন জেলার বিভিন্ন উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..