1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

ফেনীতে জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি ধ্বংস, ৩ আড়তকে জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

ফেনী জেলা প্রতিনিধি,

ফেনী পৌর মৎস্য আড়তে ক্ষতিকর জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওজন বৃদ্ধি ও কৃত্রিমভাবে গ্রেড পরিবর্তনের অপরাধে তিনটি মৎস্য আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ফেনী সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

এতে নেতৃত্ব দেন ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ বাস্তবায়নে পৌর মৎস্য আড়তে পরিদর্শনে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে তিনটি আড়তে ক্ষতিকর জেলি পুশ করে অসদুপায়ে চিংড়ির ওজন বাড়ানো ও গ্রেড পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়। আইনের ৩১ ধারা লঙ্ঘনের দায়ে বেলাল ফিশিং এ ৫৬ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা, আল্লাহর দান ফিশিং এ ২৪ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা, এরফান ফিশিং এর ২৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

​জব্দকৃত মোট ১০৫ কেজি গলদা ও বাগদা চিংড়ি পরবর্তীতে জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তারা ব্যবসায়ীদের এ ধরনের অসাধু পন্থা থেকে বিরত থাকার তাগিদ দেন এবং কেমিক্যালযুক্ত মাছের স্বাস্থ্যঝুঁকি বিষয়ে উপস্থিত সকলকে সচেতন করেন।

​অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মিরাজুল ইসলাম, পরশুরাম উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..