রাহাতুজ্জামান কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাজারে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অপরাধে মো. মামুন নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় কাঁঠালিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে ব্যবসায়ী মো. মামুনের গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরে সেখান থেকে মোট ৬৩ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই দিনে ভ্রাম্যমাণ আদালতে শব্দ দূষণ রোধে পরিচালিত পৃথক অভিযানে বিধি লঙ্ঘনের দায়ে ‘সাকুরা পরিবহন’-কে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে এ দিন আদালত দুটি মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করে।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁঠালিয়ার ইউএনও মো. মকবুল হোসেন বলেন, “পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুত এবং বিক্রি বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা মনে করছেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান পরিচালনা করা হলে দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।