কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. কামাল হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়াছড়া মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামি তারাবুনিয়াছড়া মসজিদ সংলগ্ন জনৈক রফিকের নির্মাণাধীন ভবনের সামনে অবস্থান করছে। পরে র্যাবের একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে কামাল হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. কামাল হোসেন ওরফে কামাল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার হোসেন আলী ওরফে পুতিয়া ও তাহেরা বেগমের সন্তান।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও মামলার নথি অনুযায়ী, তার বিরুদ্ধে চট্টগ্রাম সিএমপির কর্ণফুলী থানা, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা ও কক্সবাজার জেলার রামু থানায় একাধিক মাদক মামলা এবং সাজা পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।