রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী জামদানি শিল্পের বিকাশ ও নতুন কারিগর তৈরির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের ‘জামদানি বুনন প্রশিক্ষণ’ প্রথম কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্ব) বিকালে উপজেলার তারাবোস্থিত বিসিক জামদানি শিল্পনগরী কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর উদ্যোগে এবং বিসিক জেলা কার্যালয় নারায়ণগঞ্জ ও উন্নয়ন বিভাগ বিসিক ঢাকার যৌথ আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিসিক-এর চেয়ারম্যান বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিল এবং পাওয়ারলুম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোলাম ফারুক খোকন, বিসিক-এর যুগ্মসচিব ও পরিকল্পনা ও সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা কাজী নজরুল ইসলাম, বিসিক ঢাকার মহাব্যবস্থাপক জেসমিন নাহার এবং বিসিক ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মানছুরুল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পকে টিকিয়ে রাখা এবং বিশ্ববাজারে এর গুণগত মান বজায় রাখতে দক্ষ কারিগর তৈরির কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ নতুনদের কর্মসংস্থান সৃষ্টি ও জামদানি শিল্পের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।