যশোরপ্রতিনিধি
যশোরের মণিরামপুর থানা পুলিশ ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ পিস উইনসেরেক্স কফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গত বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ঝাঁপা ইউনিয়নের কোমলপুর বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় তাকে গ্রেফতার করা হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সাঈদের নেতৃত্বে উপপরিদর্শক আমিরুল ইসলাম ও ওবায়দুর রহমানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরখালী-রাজগঞ্জ সড়কে রাফেজা টেলিকমের সামনে চেকপোস্ট বসান। এ সময় একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি চালালে চালকের আসনের পেছনে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার হয়।
এ ঘটনায় গ্রেফতার ফারুক হোসেন ওরফে জুয়েল (৩৯) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শ্রীপতিপুর পূর্ব গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি পিকআপটির চালক ছিলেন।
গ্রেফতার ফারুক হোসেনকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মণিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ।