1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

খুলনায় ২০ দিনে ৯ হত্যা: যৌথ বাহিনীর অভিযানের সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

খুলনাপ্রতিনিধি
খুলনা সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক জরুরি বিশেষ সভা

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, হামলা এবং চাঁদাবাজির ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি একাধিক হত্যাকাণ্ড, ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির ঘটনা ঘিরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগীরা। এমনকি আতঙ্কে স্মারকলিপি প্রদানের ছবি ও নাম প্রকাশও করেননি সাধারণ ওষুধ ব্যবসায়ীরা। এমন অবস্থায় খুলনায় অপরাধ দমনে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি নগরী ও জেলার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট কার্যক্রম, টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে খুলনা সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক জরুরি বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত বিভিন্ন ইউনিটের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান, এসআরবি-৬, জেলা পুলিশ, নৌপুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, অপরাধীদের গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। একইসঙ্গে খুলনার বিভিন্ন মহাসড়ক ও প্রধান সড়কে তল্লাশি চৌকি স্থাপন, ঝুঁকিপূর্ণ স্থানে দায়িত্বরত বাহিনীর একাধিক ইউনিটের প্রয়োজনে ২০০ আনসার সদস্য কাজ করবে। এছাড়া নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনা নগরীর বিভিন্ন এলাকা, উপজেলা ও অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এই সকল এলাকায় নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার রাত থেকেই অভিযান শুরু হয়েছে।

কেএমপি ও জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ দিনে ৯টি হত্যাকাণ্ডের মধ্যে ৫টি ঘটেছে খুলনা নগরীতে, ৪টি জেলার রূপসা ও ডুমুরিয়া উপজেলায় এবং চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে মোট ৩৯টি ও জেলায় মোট ৪০টি হত্যাকাণ্ড ঘটেছে।

অন্যদিকে খুলনার বিভিন্ন এলাকার ফার্মেসি ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি ও খুলনাস্থ সাধারণ কেমিস্টবৃন্দ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনা জেলা প্রশাসক ও কেএমপিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু নিরাপত্তাজনিত কারণে স্মারকলিপি প্রদানের ছবি তোলেননি ব্যবসায়ীরা এবং স্মারকলিপিতে ব্যবসায়ীদের নাম উল্লেখ করেননি সংশ্লিষ্টরা।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) নগরীর সাতরাস্তায় বিএমএ ভবনের সামনে মানববন্ধন করেন খুলনার বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যকর্মীরা। জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে তাদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত ওই মানববন্ধনে ড্যাব খুমেক শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ পলাশ বলেন, বিশ্বের অন্য কোনো দেশে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা হয় না। অথচ খুলনায় একের পর এক ঘটনা ঘটছে। এ পর্যন্ত ১১ জন চিকিৎসক মোটা অঙ্কের চাঁদার ভয়ে খুলনায় আসতে পারছেন না। তারা দেশে ও দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছেন। মান-সম্মানের ভয়ে অনেকে আপস করছেন, টাকা দিচ্ছেন, কিন্তু প্রশাসনকে জানাচ্ছেন। সাত দিনের মধ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে এবং অবস্থার উন্নতি না হলে স্মারকলিপি প্রদানসহ পূর্ণ কর্মবিরতিতে যাওয়া হবে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে খুলনার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নগরীর রুপসা ট্রাফিক মোড় ও শান্তিধামের ওষুধের দোকানে, মার্কেট এলাকায় পুলিশের উপস্থিতি রাখা হয়েছে। নিরাপত্তাহীনতার বিষয়ে কেউ অবগত করলে সেখানে পুলিশের টহল দেওয়া হচ্ছে। শহরে প্রবেশ ও শহর থেকে উপজেলায় যাওয়া আসার লিংক সড়কে নজরদারি ও টহল দেওয়া হচ্ছে।

কেএমপির উপপুলিশ কমিশনার রেজাউর রহমান জানান, অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। নগরীর প্রবেশদ্বারে চেকপোস্ট বৃদ্ধি, পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। খুব শিগগিরই অপরাধীরা ধরা পড়বে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে আমরা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..