কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত বেতবাড়ীয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া সিরাজপুর হাওর নদী দখল ও সংকোচনের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। নদীর দুইপাশ দখল করে কোথাও ঘরবাড়ি, আবার কোথাও গড়ে তোলা হয়েছে গাছপালা ও বিভিন্ন স্থাপনা। এতে দিন দিন নদীর প্রবাহপথ সংকুচিত হয়ে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয়দের দাবি, সিরাজপুর হাওর নদীর সুফল পান আশপাশের প্রায় ১২টি গ্রামের মানুষ, বিশেষ করে কৃষকরা। নদীটি স্বাভাবিকভাবে প্রবাহিত থাকলে কৃষিকাজ ও পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দখল ও ভরাটের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় ভবিষ্যতে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে নদী খননের উদ্যোগ নেওয়া হলেও খননকাজে নদীর প্রকৃত প্রশস্ততা ও গভীরতা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বরং অনেকের অভিযোগ, খনন করা অংশটি অনেক ক্ষেত্রে একটি সাধারণ খালের চেয়েও ছোট হয়ে গেছে। ফলে নদীর মূল প্রবাহ ও ধারণক্ষমতা ফিরে আসেনি।
এলাকাবাসীর দাবি, নদীর দুইপাশের অবৈধ দখল চিহ্নিত করে তা উচ্ছেদ এবং পরিকল্পিতভাবে নদী পুনঃখনন করা হলে সিরাজপুর হাওর নদী তার পুরোনো রূপ ফিরে পেতে পারে। এতে ১২ গ্রামের কৃষকসহ স্থানীয় জনগণ উপকৃত হবে এবং পানি নিষ্কাশন ও কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।
নদীটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।