লক্ষীপুর প্রতিনিধি
কমলনগরে পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ১২, ৮ মাদকাসক্তকে মোবাইল কোর্টে সাজা
লক্ষ্মীপুরের কমলনগর থানা পুলিশ মাদক, জুয়া, চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। গতরাতে বিভিন্ন সময়ে পরিচালিত এ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৪০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ ২৩ সেপ্টেম্বর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া অভিযানে আটজন মাদকাসক্তকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
অন্যদিকে, সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে পরোয়ানামূলে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদেরও বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পূর্বের একটি মামলায় আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর তাকেও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানিয়েছেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও জুয়ার বিস্তার রোধ, চুরি প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।