লাকী আক্তার
নগরীর শাহপরাণ এলাকায় অভিযান চালিয়ে ১৬ লাখ ১২ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় বিড়ি ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বুরহান আহমদ (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসএমপি মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ অক্টোবর দুপুর ১২টা ৪৫ মিনিটে শাহপরাণ থানার এসআই এসএম জামাল উদ্দিন চৌধুরী ফোর্সসহ পীরেরচক তাজু রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্টে তল্লাশি চালান। এ সময় একটি কাভার্ড ভ্যান থেকে ৩৩ হাজার ৬০০ প্যাকেট ভারতীয় শেখ নাসির উদ্দিন পাতার বিড়িসহ বুরহান আহমদকে আটক করা হয়। বুরহানের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার মানিকপাড়ায়।
পুলিশ জানায়, এ ঘটনায় শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামীকে আদালতে সোপর্দ করা হয়।