মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ খাগড়াছড়িতে আয়োজিত ‘বন ও প্রাণের উৎসব-২০২৬’-এ সম্মাননা অর্জন করেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পরিবেশবাদী সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’।
গত ৩১ অক্টোবর (শনিবার) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পিটাছড়ায় অনুষ্ঠিত দিনব্যাপী এ উৎসবে সংগঠনটিকে ‘প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ সম্মাননা’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এবং উৎসবের আয়োজক পিটাছড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহফুজ রাসেলের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন সংগঠনটির কর্মী প্রবাস হালদার।
প্রকৃতি সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় সংগঠনটির ধারাবাহিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্মাননা অর্জনে সংগঠনটির কর্মী, সংগঠক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অর্জন কোনো একক ব্যক্তির নয়; বরং সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সবার সম্মিলিত শ্রম, নিষ্ঠা ও সহযোগিতার ফসল।
তাঁরা আরও জানান, এ স্বীকৃতি পরিবেশ রক্ষার দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও বৃক্ষরোপণ, পরিবেশদূষণ প্রতিরোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় রয়েছে সংগঠনটির।
স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে কাজ করা একটি সংগঠনের এমন স্বীকৃতি হরিরামপুর তথা মানিকগঞ্জের জন্যও গর্বের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।