নিজস্ব প্রতিবেদক
সার নিয়ে কোনো ধরনের কারসাজি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বুধবার সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগের সার, সেচ এবং মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ সতর্কতার কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, চাহিদার বিপরীতে বাড়তি সার সরকার দেবে, তবে সীমান্ত পার করার জন্য নয়। ভারতে নন-ইউরিয়া এবং মিয়ানমারে ইউরিয়া সারের দাম বেশি। এ কারণে মিয়ানমার-সংলগ্ন সীমান্ত এলাকায় ইউরিয়া এবং ভারত-সংলগ্ন এলাকায় নন-ইউরিয়া সারের সংকট দেখানো হচ্ছে। সার পাচার বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানাই।
ডিলারদের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ডিলারশিপ নিয়ে ভাড়া দিলে ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বরাদ্দ করা সার সঠিক সময়ে না তুললে ডিলারকে খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নির্দিষ্ট সময় অনুযায়ী সকাল ৬টায় সারের ডিলারের দোকান খুলতে হবে এবং সন্ধ্যা ৬টার আগে যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী বলেন, উৎপাদন বাড়াতে সরকার সব ধরনের সার সরবরাহ করবে। তবে নতুন শস্য উৎপাদনে সারের ব্যবহার নিয়ে মাঠ কর্মকর্তাদের সচেতনতা বাড়াতে হবে। নিয়ম ভঙ্গ করলে প্রশাসন বা ব্যবসায়ী যেই হোক, ব্যবস্থা নেওয়া হবে।