1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সরকারের দাবি, বিচ্ছিন্ন ঘটনা; বিরোধী দল বলল, অবনতি আইনশৃঙ্খলা নিয়ে সংসদে অনির্ধারিত আলোচনা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

দুই-একটি প্রতীকী ঘটনায় পুরো দেশের আইনশৃঙ্খলা অত্যন্ত ভয়াবহ—এমনটি বলা যৌক্তিক নয় :স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার দায় এড়াতে পারে না, সরকারি দল ব্যর্থ হলে বিরোধীদল তার দায়িত্ব পালন করবে :শফিক
আইনশৃঙ্খলা, গোয়েন্দা ব্যর্থতা ও ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা নিয়ে সরকারের জবাবদিহি প্রয়োজন : নাহিদ

সরকারের দাবি, বিচ্ছিন্ন ঘটনা; বিরোধী দল বলল, অবনতি

কয়েক দিন ধরে দেশের বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ও প্রতীকী’ বলে আখ্যায়িত করেছে সরকারি দল। আর বিরোধী দলের অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকারের ‘ব্যর্থতা’ দেখছে বিরোধী দল। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার সংসদে অনির্ধারিত বিতর্কে সরকারি দল ও বিরোধী দলের এই বক্তব্য উঠে আসে।

পয়েন্ট অব অর্ডারে আইনশৃঙ্খরা পরিস্থিতি নিয়ে এ আলোচনার সূচনা করেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান। বিতর্কে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও অংশ নেন। তাদের দুই জনের বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শফিকুর রহমান ও নাহিদ ইসলাম সামগ্রিক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আজ বুধবার তিনি কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে সংসদে বিবৃতির মাধ্যমে দেশবাসীকে প্রকৃত পরিস্থিতি অবহিত করবেন।

দুই-একটি প্রতীকী ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এমন বলা যৌক্তিক নয় :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের ভেতর স্থানীয় সহযোগীদের নিয়ে এবং সীমান্তের ওপার থেকে উত্সাহ পেয়ে এ ষড়যন্ত্র করছে।

বিরোধী দলের দুই নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেই দেশের পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না। রাতের অন্ধকারে পরিত্যক্ত বাস বা চালক-হেলপারবিহীন গাড়িতে আগুন দেওয়ার বিচ্ছিন্ন ঘটনা দিয়ে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে গেছে এমন সিদ্ধান্তে পৌঁছানো যৌক্তিক নয়। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি বিচার করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েক জনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকার ঘটনায় তিন জনের মধ্যে দুই জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির কাছে একটি গাড়ির ছাদের ওপর ককটেল বিস্ফোরণ হয়েছে। এ কারণে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে গেছে এমন বলা যায় না। রাতের অন্ধকারে অথবা ভোররাতে কোথাও কোনো পরিত্যক্ত বাস কিংবা চালক-হেলপার নেই এমন কোনো গাড়িতে আগুন দেওয়া হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না। এই দুই-একটি প্রতীকী ঘটনা একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ—এমন বলা আমার মনে হয় যৌক্তিক নয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় নেতা সরকারের ব্যর্থতার কথা বলেছেন এবং বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তার এ অবস্থানকে স্বাগত জানাই। বিরোধী দল সক্রিয় থাকলে তা ভালো। সরকারও বিরোধী দলের সহযোগিতা চায়। অতীতেও বিরোধী দলের কাছ থেকে সহযোগিতা পাওয়া গেছে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে কিছু ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না, সেখানে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশের ভেতরে কারা তাদের সহযোগিতা করছেন—এসব প্রশ্ন সরকারকে করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে কারা কারা এর সঙ্গে জড়িত, কারা ইন্ধন দিচ্ছে—এসব বিষয় আমরা খতিয়ে দেখছি। বিরোধীদলীয় নেতা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি যদি সংশ্লিষ্ট ফোন নম্বর এবং কী ধরনের বার্তা দেওয়া হয়েছে, তা আমাদের জানান, তাহলে আমরা তদন্ত করে দেখব।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি হয়েছে, তা পরিসংখ্যানের ভিত্তিতে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে যে সংবাদপত্রের প্রতিবেদন দেখানো হয়েছে, তাতে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। সংখ্যাটি ২ হাজার ৯৩৮ হতে পারে। তবে পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবনতি ও উন্নতি আপেক্ষিক বিষয়। এ বিষয়ে বিস্তারিত তথ্যউপাত্ত আজ বুধবার সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলে জানিয়ে তিনি বলেন, পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই তিনি বক্তব্য দেবেন। যাতে যে কেউ তথ্যের সত্যতা যাচাই করতে পারেন। বক্তব্যের শেষ পর্যায়ে দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে হোক, সীমান্তের বাইরে হোক কিংবা সম্মিলিতভাবে—কোনো ষড়যন্ত্র বা নীলনকশা এখানে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মুখে। কেউ যদি তাকে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করে, জাতি তা দেখবে। আমরা সেই ষড়যন্ত্র উন্মোচন করব।

‘পোশাকশিল্পকে অস্থিতিশীল করতে দেশের বাহির থেকে নীলনকশা’

সাম্প্রতিক গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সবচেয়ে বড় রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার জন্য দেশের বাহির থেকে একটি নীলনকশা তৈরি করা হয়েছিল। এর পেছনে দেশের ভেতরেও বিনিয়োগ করা হয়েছে বলে সরকার মনে করে। দেশের ভেতরের কিছু মানুষের সহযোগিতায় তা বাস্তবায়নের চেষ্টা হয়। সরকার সেই প্রচেষ্টা নস্যাত্ করেছে। তিনি বলেন, দেশের ভেতরে কিংবা বাহির থেকে কোনো ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা অতিরিক্ত বল প্রয়োগ করেনি। বরং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেরাই আহত হয়েছেন। তাদের এমনভাবে উসকানি দেওয়া হয়েছে, যাতে তারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে বসে এবং সেটিকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীলতা তৈরির সুযোগ সৃষ্টি হয়। আমরা সচেতনভাবে সেই সুযোগ দেইনি।

শিল্পাঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের কিছু এলাকায় শিল্পকারখানা রয়েছে। এসব এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শিল্পকারখানার উত্পাদন ও রপ্তানি যাতে ব্যাহত না হয় এবং শ্রমিকেরা যাতে বেকার হয়ে না পড়েন, সেজন্য সরকার কাজ করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। তারা সবাই সহযোগিতা করছেন। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের দোসর শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে। কয়েক জন শিল্প মালিকের সহযোগিতাও তারা পেয়েছে বলে সরকার লক্ষ্য করেছে। তবে সেই চেষ্টা সফল হয়নি।

তিনি বলেন, আমি এই মহান জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে শিল্প মালিক, বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করতে চাই- এই দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে তা দমন করবে। দেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে, ইনশাআল্লাহ।

সরকার দায় এড়াতে পারে না, সরকারি দল ব্যর্থ হলে বিরোধীদল দায়িত্ব পালন করবে : বিরোধীদলীয় নেতা

পয়েন্ট অব অর্ডারে এই আলোচনার সূত্রপাত করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে ‘নাশকতা’, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না। এর দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই নিতে হবে। সরকারি দল ব্যর্থ হলে বিরোধীদল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকব না। কারণ এই দেশ আমাদের সকলের।

শফিকুর রহমান বলেন, তাহলে দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উত্কণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নেই এড়ানোর। পুরোপুরি দায় নিতে হবে। তিনি বলেন, আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে এবং থানার ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন ককটেল বিস্ফোরণের তথ্য দিয়ে তিনি বলেন, মঙ্গলবারের ঘটনায় দুজন আহত হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে এক তরুণ সেনাসদস্য নিহত এবং সাজেককে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে।

গতকাল গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও অগ্নিসংযোগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারি দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। এগুলার শেষ কোথায়?

এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, এত ঘটনা ঘটার পর কাকে কোথায় গ্রেফতার করা হয়েছে, তার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। কয়েকজনকে সাধারণ মানুষ ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন। দেশে পুলিশ, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন বাহিনী থাকার পরেও পরিস্থিতির অবনতি কেন ঠেকানো যাচ্ছে না, সেই প্রশ্ন রাখেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর পর স্বরাষ্ট্রমন্ত্রী নিজে থেকেই সংসদে এসে পরিস্থিতি ব্যাখ্যা করবেন বলে আশা করেছিলেন তারা। কিন্তু অধিবেশনের প্রথম দুই দিনে সেধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি। আমরা ক্রমান্বয়ে উদ্বেগজনক হারে তার অবনতি লক্ষ্য করছি, কোনো উন্নতি আমাদের কাছে ধরা পড়ছে না।

‘অকার্যকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়’

সাম্প্রতিক ঘটনাগুলো সামাল দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দেখতে না পাওয়ার অভিযোগ করে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণ উদ্বেগের মধ্যে আছে। আমরা এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।

বিরোধী দলের এক নির্বাচিত সংসদ সদস্যকে একজন প্রতিমন্ত্রী ফোন করে শাসানোর মতো করে কথা বলেছেন অভিযোগ করে তিনি বলেন, ঐ প্রতিমন্ত্রী সংসদ সদস্যকে ফোন করে বলেছেন—‘ আমরা তো অনেক কিছু করছি, আপনারা কী করছেন বসে বসে? আছেন কেন আপনারা?’ শফিকুর রহমানের দাবি, ঐ প্রতিমন্ত্রী একজন জ্যেষ্ঠ নেতার পাশে থেকে কথা বলছেন বলে তাদের অবহিত করেছেন। তবে ঐ প্রতিমন্ত্রী বা সংসদ সদস্যের নাম বলেননি তিনি।

সংকটে বিরোধী দলের সহযোগিতার প্রস্তাব

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চাইলে বিরোধী দল সহযোগিতা করতে প্রস্তুত বলে প্রস্তাব দিয়ে শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় সংকট দেখা দিলে বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনায় ডাকা হতো। সবার অংশগ্রহণে সংকট মোকাবিলার উদ্যোগ নেওয়া হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে ধরনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি বলেন, ঠিক আছে একাই করেন, তবে করেন আমরা সেটা চাই। আর যদি বিরোধী দলের ভূমিকার প্রয়োজন হয় সেটা বলবেন তো! সেটাও বলা হচ্ছে না।

আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যেরও সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকারের একজন উপদেষ্টা একবার আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব বলে মন্তব্য করছেন। আবার দুই দিন পর একই ব্যক্তি তা অসম্ভব বলছেন। সিলেট ও সুনামগঞ্জের সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে ঐ উপদেষ্টার বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। শফিকুর রহমান বলেন, তিনি কি ফ্যাসিবাদের পক্ষে? নাকি ফ্যাসিজমের বিপক্ষে? আমরা এটা বুঝতে পারছি না। একজন নির্বাচিত সংসদ সদস্য প্রকাশ্যে আওয়ামী লীগের সহযোগিতার জন্য ধন্যবাদ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও নির্বাচিত জনপ্রতিনিধিদের এমন বক্তব্য মানুষের কাছে কী বার্তা দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। জুলাই গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদকে তাড়ানো হয়েছে জীবন এবং রক্তের বিনিময়ে। আমাদের সন্তানদের রক্ত এখনো তাজা আমাদের চোখের সামনে। এই ভাসমান রক্তের ওপর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়া যাবে না।

গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে! ওইটাই নিরাপদ নাই, সেই গোয়েন্দারা কী করে? অপরদিকে বিরোধী দলের সদস্যদের হয়রানি করতে গোয়েন্দারা সক্রিয় রয়েছেন বলে অভিযোগ করে তিনি বলেন, এক সংসদ সদস্য তাকে বলেছেন—গোয়েন্দা দপ্তরের পরিচয় দিয়ে ফোন করে তাকে জামায়াত ছাড়তে বলা হয়েছে। তবে ফোনটি সত্যিই কোনো গোয়েন্দা সংস্থা থেকে এসেছিল কি না, তা নিশ্চিত নন। এ ঘটনাকে ধৃষ্টতা হিসেবে আখ্যায়িত করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগ? আমরা ঐ যুগটা আর ফিরে আসুক দেখতে চাই না।

আইনশৃঙ্খলার অবনতি, গোয়েন্দা ব্যর্থতা ও ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতার বিষয়ে সরকারের জবাবদিহি প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তার বক্তব্যে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, হাতবোমা বিস্ফোরণ ও হামলার ঘটনা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তোলেন।

তিনি বলেন, দেশে যে গত দুই দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা এবং নাশকতামূলক কর্মকাণ্ড চলমান রয়েছে—পতিত ফ্যাসিস্ট শক্তি তারা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে। মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন তিনি।

নাহিদ ইসলামের অভিযোগ, এসব ঘটনার পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। গত সাত মাস ধরে বিরোধী দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ব্যর্থতার কথা বলে আসছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে। ওনাকে আমরা সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, দেশের আইনশৃঙ্খলা নিশ্চিতে কিন্তু ততটা তৎপর আমরা দেখি না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা দেশে এসে কর্মসূচি পালন করে আবার বিদেশে চলে যাচ্ছেন বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতার বিষয়ে সরকারের জবাবদিহি প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..