ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি ও বিস্ফোরক মামলার আসামি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা সদর থানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফেরদাউস সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি পদে দায়িত্বে ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, সরকারি চাকরির প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী কয়েক দিনের মধ্যেই সোনালী ব্যাংকে ‘ম্যানেজার’ পদে যোগ দেওয়ার কথা ছিল তার।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এলাকায় ছাত্রলীগ নেতা হিসেবে প্রভাব ছিল ফেরদাউসের। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। কিছুদিন ধরে গোপনে নিজ গ্রামে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে রামকান্তপুর থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় চলাফেরার সময় স্থানীয় জনতা তাকে শনাক্ত করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, “ঢাবি ছাত্রলীগের সাবেক নেতা ফেরদাউসের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”