মোঃ মাসুম রেজা,
মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া এলাকায় অবস্থিত লকমা জমিদার বাড়ির আশপাশে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অভিযানে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশফিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান আলী, ৩ নম্বর আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টনস জনপ্রতিনিধি রহুল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
অভিযানে জমিদার বাড়ির আশপাশের ঝোপঝাড়, আবর্জনা ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে কোথাও পানি জমতে না দেওয়া এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
আয়োজকরা জানান, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
অভিযানটি বাস্তবায়নে পাঁচবিবি পৌরসভা, আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদ ও বিডি ক্লিন সহযোগিতা করে।