1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

কিশোরগঞ্জপ্রতিনিধি:

রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), মঞ্জিল মিয়া (৬৫), শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)।

মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন জ্যোৎস্না বেগম ও আসামিরা। বাড়িতে রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে একাধিকবার চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেও কোনো সমাধান হয়নি।

পরে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি চুলার ধোঁয়া নিয়ে কথা বলতে গেলে কলি আক্তার ও মঞ্জিলের সঙ্গে জ্যোৎস্নার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিরাও জড়ো হন সেখানে। পরে উত্তেজিত হয়ে জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করেন তারা। এরপর লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে তাকে মারধর করেন। এ সময় জ্যোৎস্নাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাতে মৃত্যু হয় তার।

এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন জ্যোৎস্না বেগমের স্বামী হাবিবুর রহমান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..