তাজরিন আক্তার মুন্নি
মানিকগঞ্জে রাতভর একের পর এক ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা এবং মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি মিনিবাসে আগুন দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তথ্য অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মানিকগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের বাসভবন এলাকা, বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, ঘিওর বাসস্ট্যান্ড ও পাটুরিয়া এলাকাসহ একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এদিকে, রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নবীন সিনেমা হলের সামনে পার্কিং করে রাখা স্বাধীনতা এক্সপ্রেসের একটি মিনিবাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
একই রাতে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও জনবহুল এলাকায় এ ধরনের ঘটনা ঘটায় উদ্বেগ আরও বেড়েছে।
সন্দেহভাজন ১০ জন আটক, পুলিশের অভিযান অব্যাহত
ঘটনাগুলোর পরপরই জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। নাশকতায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।
নিরাপত্তা জোরদারের দাবি
একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মানিকগঞ্জের সাধারণ মানুষের মধ্যে আতঙ্কর সৃষ্টি হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, বাসস্ট্যান্ড ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার, রাতের টহল বৃদ্ধি এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
কারা, কী উদ্দেশ্যে এবং কীভাবে এসব ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা এখন পুলিশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।