মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে এবার একটি যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় নবীন সিনেমা হলের সামনে পার্কিং করে রাখা স্বাধীনতা এক্সপ্রেস পরিবহনের একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।এদিকে, ঘটনার পরপরই রাত ১টার দিকে মানিকগঞ্জ পৌরসভার নওখন্ডা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, জেলাজুড়ে সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। আপাতত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে নাশকতার ঘটনায় তাঁদের সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহভাজনদের শনাক্ত করতে বিভিন্ন স্থানে চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। নাশকতার ঘটনাগুলো মোটরসাইকেল ব্যবহার করে সংঘটিত হচ্ছে বলেও পুলিশের ধারণা।এর আগে সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের পর থেকে মানিকগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, পুলিশ সুপারের বাসভবন, পুলিশ ফাঁড়ি, বাসস্ট্যান্ড ও জাগীর ব্রিজসহ বিভিন্ন স্থানে এবং সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকায় ১০টির বেশি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
পরপর এসব বিস্ফোরণে শহরজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন। তবে বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলগুলোতে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় মানিকগঞ্জজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।