মাইদুল ইসলাম
নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে ‘গ্রেনেড বাবু’র পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন ইউপি সদস্য মো. গোলাম মওলা, আব্দুল কুদ্দুস, মোশফিকুর রহমান, এজারুল হক, আব্দুল কাদের, হাফিজা বেগম ও স্থানীয় বাসিন্দা নিপা আক্তারসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ, ক্ষমতার অপব্যবহার এবং ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৫(১) ও ৩৫(২) ধারায় চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছিল।
বক্তারা বলেন, গুরুতর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বরখাস্তের আদেশ দেওয়া হলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিদ্ধান্তে তিনি পুনরায় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। এ সিদ্ধান্তে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
তারা বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বরখাস্ত হওয়া একজন জনপ্রতিনিধিকে পুনরায় দায়িত্বে দেখতে চান না তারা। জনস্বার্থ ও সুশাসনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা।
মানববন্ধন থেকে চেয়ারম্যানের পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বরখাস্তের আদেশ বহাল রাখা এবং তাকে আর দায়িত্বে না ফেরানোর দাবি জানানো হয়।