1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

হাটহাজারী পাশাপাশি কবরে শায়িত দুই সহোদর, হাটহাজারীতে জানাজায় শোকের ছায়া

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

একসঙ্গে বেড়ে ওঠা, প্রবাসজীবন কাটানো, কয়েক মাস আগে একসঙ্গে দেশে ফেরা—শেষ বিদায়েও পাশাপাশি থাকলেন দুই ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদর মো. ইফতেখার মাহমুদ তুষার (৩৫) ও মো. ইমতিয়াজ মাহমুদ ইরাতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। তাঁদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্বজনদের মধ্যে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩টায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল হামিদিয়া জামে মসজিদ মাঠে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজায় দুই ভাইয়ের মরদেহ সামনে রেখে স্বজনদের কান্নায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে তাঁদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

নিহত তুষার ও ইরাত ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল এলাকার হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে। প্রায় ছয় মাস আগে তাঁরা প্রবাস থেকে দেশে ফেরেন। বড় ভাই তুষার ওমানে এবং ছোট ভাই ইরাত দুবাই থাকতেন। তুষার স্ত্রী ও সাত মাস এবং দুই বছর বয়সী দুই সন্তান রেখে গেছেন। অন্যদিকে, ইরাত ছিলেন অবিবাহিত।

দুই ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। তাঁদের চাচাতো বোন নিহা জানান, কয়েক মাস আগেই দুই ভাই দেশে ফিরেছিলেন। তাঁদের এমন আকস্মিক মৃত্যু পরিবারের সদস্যদের পক্ষে মেনে নেওয়া কঠিন।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মুছার দোকান এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হন। নিহত অপরজন হলেন মেখল ইউনিয়নের হাসিমার পুল এলাকার মৌলভি আব্দুল হামিদের বাড়ির মো. শফিউল আজমের ছেলে মো. শাহাদাত হোসেন সিয়াম (১৭)। এ ঘটনায় ফাহিম (১৯) ও অজ্ঞাতপরিচয় আরও একজন আহত হন।

আরও পড়ুন: বাঁশখালীতে নানার বাড়িতে আত্মগোপনে থেকেও গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই সহোদর একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা তিন আরোহীর মোটরসাইকেলটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন এবং যানবাহন দুটি ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক দুই সহোদর ও সিয়ামকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সরোয়ার জামান দাবি করেন, নাজিরহাটের দিকে যাওয়া মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। তাঁর মতে, দুর্ঘটনায় নিহত দুই সহোদরের কোনো ভুল ছিল না। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি পায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..