1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ আটক ৪ নারী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক নারীরা হলেন-পশ্চিম বাস্তা গ্রামের রুজিনা বেগম (৩৫), তাসলিমা বেগম (৩২), তানহা (১৯) ও হাজেরা বেগম (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই চার নারী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে। রোববার রাতে তাঁদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয় বাসিন্দারা তাঁদের চ্যালেঞ্জ করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাঁদের আটক করে উদ্ধার করা মাদকসহ সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দা রমজান আলী অভিযোগ করেন, ওই পরিবারের গৃহকর্তা আক্কাস ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য এর আগেও মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তাঁরা আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ তাঁর।
রমজান আলীর দাবি, রোববার রাতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই পরিবারের বাড়িতে অভিযান চালান। এ সময় রান্নাঘরের পেছন থেকে গাঁজার চালান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় মাদক কারবারের মূল হোতা হিসেবে অভিযুক্ত ঝর্ণা আক্তার পালিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, গাঁজাসহ আটক চার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..