সংবাদ সংগ্রহেঃ এস এম আবদুল বারেক :
*চট্টগ্রামে অভিযান চালিয়ে সার্বিয়ার প্রায় ৫ হাজার জাল ভিসাসদৃশ স্টিকার, ভিসা লাগানো ১৭টি বাংলাদেশি পাসপোর্ট ও জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মাহমুদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ইউরোপে যেতে আগ্রহী তরুণদের টার্গেট করে একটি সংঘবদ্ধ চক্র অল্প টাকায় ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল।*
পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের কাটাপাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মাহমুদের সন্ধান পাওয়া যায়। তার কাছ থেকে সার্বিয়ার প্রায় পাঁচ হাজার ভিসাসদৃশ স্টিকার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু স্টিকার বিভিন্ন পাসপোর্টে লাগানো ছিল। এছাড়া সার্বিয়ার সিল, কম্পিউটার, মনিটর, ল্যাপটপসহ জাল ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
উদ্ধার করা ১৭টি বাংলাদেশি পাসপোর্টে ভিসা লাগানো ছিল। পুলিশ বলছে, এসব পাসপোর্টের মালিকদের কেউই চট্টগ্রামের বাসিন্দা নন। ধারণা করা হচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা পাসপোর্ট ঢাকায় পাঠানো হতো। পরে চট্টগ্রামে বসে তৈরি করা হতো জাল ভিসা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখা তরুণদের পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখাত। ঢাকায় থাকা চক্রের সদস্যরা দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রাহক সংগ্রহ করত। এরপর তাদের পাসপোর্ট নিয়ে জাল ভিসা তৈরি করে প্রতারণা করা হতো।
গ্রেপ্তার আব্দুল মাহমুদকে জাল ভিসা তৈরির দক্ষ কারিগর বলে দাবি করেছে পুলিশ। কম্পিউটারের মাধ্যমে ভিসার নকশা তৈরি এবং চকচকে মনোগ্রাম ও সিল বানিয়ে সেগুলো আসল ভিসার মতো করে প্রস্তুত করতেন তিনি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ আরও জানায়, জাল ভিসা ও পাসপোর্ট তৈরির অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও ঢাকার বিমানবন্দর থানায় গ্রেপ্তার হয়েছিলেন আব্দুল মাহমুদ। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সিতিপাড়া এলাকায়।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা পাসপোর্টগুলোর মালিক এবং প্রতারণার শিকার ব্যক্তিদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।