সাভারপ্রতিনিধি
পৃথক স্থানে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৫ টি সিসি ক্যামেরা, ২টি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাগর হোসেন বাবু, পেশাদার নারী মাদক ব্যবসায়ী সুমনা আক্তার, সাভার পৌর এলাকার বেদে পাড়ার তারা মিয়ার ছেলে তোয়া মিয়া এবং তার খালাতো ভাই।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন।
বুধবার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর উত্তরপাড়া মন্ডল কলোনী ও আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া ইডেন গার্ডেন সংলগ্ন জুয়েল রানা স্টোরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।