নারায়ণগঞ্জপ্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সুজন মিয়া (৩১), জামালপুর দেওয়ানগঞ্জ থানার মো. তোতা মিয়ার ছেলে, এবং চাঁদপুর জেলার সদর থানার পুরান বাজার এলাকার শাহজাহান এর মেয়ে মাজেদা (২৯)। তারা উভয়েই বর্তমানে লামাপাড়া এলাকার হাজী ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের পাশের বাসায় ভাড়া থাকতেন গ্রেপ্তারকৃতরা। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই বাদীর বাসায় যাতায়াত করতেন এবং একমাত্র দুই বছরের শিশুটিকে কোলে নেওয়া ও আদর করতেন।
গত ১২ জুন সকাল আনুমানিক ১১টার দিকে আদর করার কথা বলে শিশুটিকে নিয়ে গিয়ে অপহরণ করে তারা। পরে শিশুটির পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির পরিবার র্যাব-১১-এর কাছে অভিযোগ করলে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করা হয়।
পরে তাদের হেফাজত থেকে অপহৃত দুই বছরের শিশুটিকে উদ্ধার করা হয়।