নিজস্ব প্রতিবেদক :
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রীকে গুম হওয়া ব্যক্তিদের পরিবার তথা জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, গত শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশে গুমের ঘটনা এবং গুম হওয়া ব্যক্তিদের নিয়ে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ ধরনের জলজ্যান্ত মিথ্যা কথা এবং গুম হওয়া ব্যক্তি ও পরিবারের প্রতি উপহাসমূলক বক্তব্য অমার্জনীয়।
মান্না বলেন, গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবার বছরের পর বছর ধরে হারানো স্বজনদের ফিরে পাওয়ার জন্য আর্তনাদ করছে। এই স্বজন হারানো অসহায় পরিবারগুলোকেও দিনের পর দিন হয়রানি করা হচ্ছে। সর্বশেষ জাতিসংঘ সরকারের কাছে গুমের বিষয়ে জানতে চাওয়ার পর এই পরিবারগুলোর প্রতি পুলিশি হয়রানি আরও বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় এটা স্পষ্ট হয়েছে যে, সরকারের নির্দেশেই পুলিশ এই হয়রানি করছে।
জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, গুম হওয়া ব্যক্তিদের ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী যে উপহাস করেছেন, এর বিচার জনতার আদালতে এক দিন হবে। এই বক্তব্যের মাধ্যমে বিষয়টি স্পষ্ট যে, গুম হওয়া বা তার ভাষায় ভূমধ্যসাগরে সলিল সমাধি হওয়া ব্যক্তিদের তালিকা তার কাছে আছে। অবিলম্বে সেই তালিকা প্রকাশ করা হোক।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান অনুযায়ী দেশে এ রকম কোনো ঘটনাই ঘটেনি। দুই মন্ত্রীর ভিন্ন বক্তব্যের বিষয়টিও স্পষ্ট করতে হবে। অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত রাখতে ভয়ের রাজত্ব প্রতিষ্ঠা করতেই সরকার গুম, খুন, ক্রসফায়ার নাটক করে আসছে। দেশের জনগণের সঙ্গে সঙ্গে এখন আন্তর্জাতিক মহলও এই সরকারের অপকর্মের প্রতি ধিক্কার জানাচ্ছে। ফ্যাসিবাদী সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকারের মন্ত্রীরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এসব অবিবেচনা প্রসূত, ঘৃণ্য বক্তব্য দিচ্ছে।
দুই মন্ত্রীকে গুম হওয়া ব্যক্তিদের পরিবার তথা জনগণের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন ডাকসুর সাবেক এই দুইবারের ভিপি। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে ন্যূনতম সময়ের মধ্যে গুম হওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করে তাদের অবস্থান নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
Leave a Reply