মনিরামপুর(যশোর) প্রতিনিধি :
যশোর সদর উপজেলায় মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলে মামুন মাস্টারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মামুনকে আটক করেছে পুলিশ।
২৭ আগস্ট সন্ধ্যায় উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী আলতাফ মাস্টারের স্ত্রী এবং অভিযুক্ত মামুন তাঁর বড় ছেলে।
স্থানীয়দের ভাষ্য, মামুন লাউজানি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। একপর্যায়ে মামুন তাঁর মাকে বটি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, এমন ঘটনা তাঁরা আগে কখনো দেখেননি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে মামুনকে আটক করা হয়। ঘটনার কারণ ও তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং ঘটনার সময় প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।