নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে প্রাইভেটকার চাপায় সাকিবুল হাসান নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢাবি) হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
সাকিবুলের বাবা ভোলা চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামের গাড়িচালক। তারা মিরপুর ১ নম্বর সেকশন, জনতা হাউজিংয়ের ৩ নম্বর রোডে একটি বাড়িতে ভাড়া থাকতেন। চার ভাইয়ের মাঝে সে ছিল সবার ছোট।
শিশুটির বড় ভাই মো. ইমরান হোসেন জানান, বিকেলে আরেক ভাই ফাহিমের (১২) হাত ধরে বাসার গলির মুখে খেলছিল সে। হঠাৎ ফাহিমের হাত থেকে ছুটে রাস্তায় দৌড় দেয় সে। তখন একটি প্রাইভেটকারের নিচে চাপা পড়ে সাকিবুল। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় ডেল্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়।
মিরপুর মডেল থানার এসআই রুহুল আমিন জানান, জনতা হাউজিংয়ে ৩ নম্বর রোডের মাথায় প্রধান সড়কে একটি প্রাইভেটকার চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই চালকসহ গাড়িটি আটক করা হয়েছে।
Leave a Reply