1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

উন্নয়নের প্রত্যাশায় ঐক্যবদ্ধ জনতা—আদর্শনগর উপজেলা বাস্তবায়নের দাবিতে আনন্দ মিছিল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৯ বার পঠিত
৫৭

ফারদিন আহমেদ গফরগাঁও (ময়মনসিংহ):
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাকে ‘আদর্শনগর’ উপজেলা হিসেবে বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আদর্শনগর উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ উদ্যোগে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস।
আনন্দ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, যুবসমাজ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি কান্দিপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা “আদর্শনগর উপজেলা চাই, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকুক”—এমন নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘আদর্শনগর’ উপজেলা বাস্তবায়নের উদ্যোগ এ অঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন ও প্রাণের দাবির বাস্তব রূপ। নতুন উপজেলা প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং অবকাঠামোগত উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। এর ফলে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।
বক্তারা এ মহতী উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহে আলম এবং গফরগাঁও উপজেলার গণমানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তারা বলেন, আদর্শনগর উপজেলা শুধু একটি নতুন প্রশাসনিক ইউনিট নয়; এটি এ অঞ্চলের মানুষের উন্নয়ন, সম্ভাবনা ও আত্মমর্যাদার প্রতীক। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে ‘আদর্শনগর’ উপজেলার আনুষ্ঠানিক ঘোষণা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সবশেষে অংশগ্রহণকারীরা বলেন, ঐক্যবদ্ধ জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ‘আদর্শনগর’ উপজেলা বাস্তবায়িত হলে এ অঞ্চল উন্নয়ন, সুশাসন ও সমৃদ্ধির এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে। আনন্দ মিছিলটি ছিল প্রাণবন্ত, শান্তিপূর্ণ এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..