1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

কুমিল্লা সেনানিবাসে শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাসদস্যরা: সেনাপ্রধান

সম্পাদক ও প্রকাশক এন এস কিবরিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত
৪৮

কুমিল্লা প্রতিনিধি

“আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো” এই মন্তব্য করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে।

বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান জানান, এরইমধ্যে অনেক সেনাসদস্য ব্যারাকে ফিরেছেন। এখনো ১৬ থেকে ১৭ হাজার সদস্য দেশের ৬২টি জেলায় কর্মরত রয়েছেন।

“যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, মাঠে থেকে বিভিন্ন কাজ চলবে। যেমন এখন ফুয়েল ডিপোগুলোতে আমাদের ডেপলয়মেন্ট আছে,” বলেন তিনি।

অনুষ্ঠানে সেনাপ্রধান দেশ গঠনে ও জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর অবদান তুলে ধরেন। তিনি বলেন, “২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে আমাদের সেনাসদস্যরা মাঠপর্যায়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশের ক্রান্তিলগ্নে সেনাসদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।”

পরে সেনাপ্রধান বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ১৬ মে থেকে শুরু হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..