চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত ১ হাজার ১০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান সাময়িক বন্ধ রাখা হয়েছে।
পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে আমবাগানসহ বিস্তীর্ণ ফসলের মাঠ তলিয়ে গেছে। ফলে পাঁকা ইউনিয়নসহ নদীতীরবর্তী বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় অধিবাসীরা জানান, পানির উৎসগুলো ডুবে যাওয়ায় প্লাবিত অঞ্চলে তীব্র খাবার পানির সংকট দেখা দিয়েছে। নিরাপদ পানি সংগ্রহ করতে দূরদূরান্তে যেতে হওয়ায় নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি অনেক বেড়েছে। পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, উজানের ঢলে পদ্মা নদীর পানি বেড়েছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি দ্রুত কমে আসার সম্ভাবনা থাকায় বড় ধরনের বন্যার শঙ্কা নেই।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার দুর্লভপুর, উজিরপুর ও পাঁকা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণসহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সব পানিবন্দি মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।