আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভাত রান্না করার জন্য রাইস কুকারের প্লাগ বিদ্যুতের বোর্ডে লাগাতে গিয়ে স্পৃষ্ট হয়ে শাহারন খাতুন (৪০) নামে নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহারন খাতুন ওই গ্রামের বাসিন্দা এবং দুই সন্তানের জননী।
পরিবার সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্টে নিহত শাহারন খাতুনের স্বামী মাসুদ হোসেন পেশায় ভ্যানচালক। সকালে মাসুদ হোসেন ভ্যান নিয়ে বাজারে যান। এ সময় শাহারন খাতুন পরিবারের জন্য ভাত রান্নার উদ্দেশ্যে রাইস কুকারে চাল দিয়ে বৈদ্যুতিক বোর্ডে প্লাগ লাগাতে যান। সংযোগ দেওয়ার সময় বোর্ডটি ভেঙে তার হাতের সঙ্গে খুলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে ঘরের মেঝেতে বিদ্যুতের তার হাতে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
মাসুদ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে এসে শাহারনকে ডাকাডাকি করি। সাড়া না পেয়ে ঘরের মধ্যে গিয়ে দেখি মেঝেতে পড়ে আছে। আমার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। তারপর বাঁশ দিয়ে শাহারনের হাতে আটকানো কারেন্টের তার সরিয়ে দেই এবং চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করি। তবে, এর আগেই তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল জানান, ‘এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’