মোঃ মোশারফ হোসেন
শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় উদ্ধার মা ও শিশু
ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেওয়া এক নারীকে স্থানীয় লোকজন জীবিত উদ্ধার করেছেন। তার শিশুকন্যাকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে। শু ক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের বাসিন্দা এবং সাইদুল ইসলামের সাবেক স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি আক্তার মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দিলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে যান। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
লাকি আক্তার বলেন, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর মেয়েকে নিজের কাছে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
এ বিষয়ে সাইদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।