মানিকগঞ্জ প্রতিনিধি
কর্মব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে কিছুটা আনন্দঘন সময় কাটানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে মানিকগঞ্জের হরিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌ-ভ্রমণের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হরিরামপুর উপজেলার আন্ধারমানিকের পদ্মা নদী থেকে পদ্মা সেতুর উদ্দেশে নৌযাত্রা শুরু হয়। এতে প্রেসক্লাবের সাংবাদিক ও সদস্যরা অংশ নেন।
নৌযাত্রায় পদ্মার বিস্তৃত জলরাশি, নদীর ঢেউ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে চলে গল্প, আড্ডা, কবিতা ও গান। দীর্ঘদিনের কর্মব্যস্ততার মাঝে এমন আয়োজন সদস্যদের মধ্যে বেশ আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।
ভ্রমণের বিশেষ আকর্ষণ ছিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা পদ্মা সেতু। নদীপথে সেতুর কাছাকাছি গিয়ে এর সৌন্দর্য উপভোগ করেন প্রেসক্লাবের সদস্যরা। এ সময় অনেকে ছবি তোলেন এবং স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন।
নৌ-ভ্রমণে হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাস, সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ মীরসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন। এছাড়া দপ্তর সম্পাদক রাসেল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এসএম অপু, সদস্য সৌরভ সাহা, আবুল হাসনাত রাসেল ও জহিরুল ইসলাম জুয়েলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সদস্যরা জানান, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে কর্মক্ষেত্রের বাইরেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।
পদ্মার বুকে নৌযাত্রা, প্রকৃতির মনোরম পরিবেশ এবং পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগের মধ্য দিয়ে দিনটি হরিরামপুর প্রেসক্লাবের সদস্যদের জন্য আনন্দ ও স্মৃতিময় হয়ে ওঠে।