1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

পাঁচবিবি সীমান্তের পুকুর থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোঃ মাসুম রেজা
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী পূর্ব উচনা এলাকার একটি পুকুর থেকে পানির নিচে লুকিয়ে রাখা ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। উদ্ধার করা মূর্তি দুটির আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮১/২৫-এস থেকে প্রায় ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
২০ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজিবির দুটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বদ্ধ পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচে বাঁশের খুঁটির সঙ্গে বিশেষ চিহ্ন দিয়ে লুকিয়ে রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধার করা মূর্তির মধ্যে বড়টির ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন ১৭ কেজি। মূর্তি দুটি সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় সোর্স এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য/চেয়ারম্যানের উপস্থিতিতে মূর্তিগুলো শনাক্ত করা হয়। উদ্ধার কার্যক্রমের সময় উপস্থিত ব্যক্তিরা তা প্রত্যক্ষ করেন এবং এ বিষয়ে সাক্ষ্য প্রদান করেন।
উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা ও এজাহার দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..