হাসিবুল(পাটগ্রাম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে প্রধান রাস্তাটি যুগ-যুগ ধরে কাঁচা থাকায় গ্রামবাসীদের কষ্টের শেষ নেই। যোগাযোগব্যবস্থা ভালো না হাওয়ায় স্বাধীনতার ৫৪ বছর ধরে গ্রামটি উন্নয়ন থেকে বঞ্চিত।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ২ হাজারেরও বেশি মানুষের বসবাস। গ্রামের লোকজনদের বছরের প্রায় অর্ধেক সময় চলাচল করতে হয় কাদাযুক্ত রাস্তা দিয়ে ও শুষ্ক মৌসুমে ধুলিবালি এতে চরম দুর্ভোগের পাশাপাশি সময়ও অনেক বেশি লাগে।
এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা,যুগ যুগান্তর পত্রিকা কে বলেন, ‘বছরের অর্ধেক সময় কাদা আর অর্ধেক সময় শুষ্ক থাকে। সামান্য বৃষ্টিতে কাঁচা রাস্তা কাদা হয়ে যায়। রাস্তার বেহাল অবস্থার কারণে মাঝে মধ্যে স্কুলে যাওয়া হয় না।’
ওই গ্রামের মোজাফফর হোসেন বলেন, ‘রাস্তা না থাকায় আমরা প্রতিনিয়ত চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছি। আমার নিজের মোটরসাইকেল থাকলেও গ্রামের বাড়িতে আনতে পারি না। পাশের গ্রামে রেখে পাঁয়ে হেটে বাড়িতে আসতে হয়। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশসহ কোনো গাড়িই গ্রামে প্রবেশ করতে পারে না। এমনকি সাইকেল, ভ্যানও চলে না।’
আরেক বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ‘যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় এ গ্রামে কেউ আত্মীয়তা করতে চায় না। আত্মীয়-স্বজনরাও আসতে চায় না। রাস্তা নিয়ে গ্রামবাসী চরম ভোগান্তির মধ্যে আছে।’
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান (বাবু) বলেন, ‘কাঁচা রাস্তাটি নিয়ে গ্রামবাসীর ভোগান্তির শেষ নেই। আমাদের জায়গা থেকে রাস্তা পাকাকরণের জন্য সাধ্যমতো চেষ্টা করা হয়েছে।’
কুচলিবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পাভেল বলেন, রাস্তা নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এর কাছে আবেদন করা হয়েছে। রাস্তাটি পাকাকরণের জন্য জোর চেষ্টা চলছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, রাস্তাটি পাকাকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।