1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ভোলায় ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কানের দুল ছিনতাই

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

ভোলা জেলা প্রতিনিধি,

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক নারীর কানের দুল ছিনিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম রোশনা বেগম (৪০)। তিনি চর গঙ্গাপুর গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী।

 

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কালো রঙের একটি মোটরসাইকেলে করে দুই যুবক ওই গ্রামে প্রবেশ করেন। পরে বাড়ির সামনে রোশনা বেগমকে দেখতে পেয়ে সরকারি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেন ওই দুই যুবক।

একপর্যায়ে তারা রোশনা বেগমের পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং শেষে ফ্যামিলি কার্ডের জন্য লাইভ ভেরিফিকেশনের ছবি তুলতে হবে বলে জানায় তারা।

পরে একটি মোবাইল ফোনের ক্যামেরায় রোশনা বেগমের ছবি তোলার কৌশলে তার কান থেকে কানের দুল টেনে ছিনিয়ে নেয় ওই দুই যুবক। কিছু বুঝে ওঠার আগেই তারা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার কথা বলে প্রতারণার ঘটনা সম্প্রতি বেড়েছে। এতে গ্রামের সহজ-সরল মানুষ প্রতারকদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।

সাচড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম সিকদার বলেন, ‘ঘটনার কথা শুনেছি। এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। তারা বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

সরকারি কোনো কার্ড বা সুবিধা দেওয়ার কথা বলে অপরিচিত কেউ বাড়িতে এলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। যাচাই-বাছাই ছাড়া কাউকে ব্যক্তিগত তথ্য, ছবি বা মূল্যবান জিনিসপত্র না দেওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনও লিখিত অভিযোগ পাইনি৷ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..