মানিকগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে মানিকগঞ্জের হরিরামপুরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে হরিরামপুর থানার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় হরিরামপুর থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। থানার এসআই এমদাদুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম।
সভায় হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বাকী বিল্লাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিল্টু দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন হালদার (মাধব), সাবেক সাধারণ সম্পাদক নেপাল হালদার, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি লিটন হালদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত নজরদারি ও প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।