এম. ইউছুফ, চট্টগ্রাম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করবে চট্টগ্রাম জেলা পরিষদ। নগরীর পাশাপাশি জেলার প্রতিটি উপজেলায় এসব বস্ত্র বিতরণ করা হবে। সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা পরিষদ সূত্রে জানা গেছে, মহানগরসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পর্যায়ক্রমে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে।এ জন্য প্রায় ১০ হাজার শাড়ি ও লুঙ্গি প্রস্তুত করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নগরের জে এম সেন হলে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এসব বস্ত্র বিতরণ করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করবেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নগরের জে এম সেন হলে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। এ সময় তিনি অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, বস্ত্র বিতরণের ব্যবস্থাপনা এবং আগত অতিথিদের জন্য প্রয়োজনীয় আয়োজন সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো.ইখতিয়ার উদ্দীন আরাফাত এবং শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি চট্টগ্রামের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানেরও প্রতীক। উৎসবের আনন্দ যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর ও জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে।