নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বৃক্ষরোপণ অভিযান- ২০২১ এর উদ্বোধন করবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদিন প্রধানমন্ত্রী বেলা ১১টায় গণভবনে সোনালু, জাম, আমড়া ও ডুমুর বৃক্ষের ৪টি চারা রোপণ করবেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপন করা হবে। এ স্লোগানে মুজিববর্ষে বৃক্ষরোপণের অঙ্গীকার বাংলাদেশকে সবুজে শ্যামলে ভরিয়ে দিতে জনসাধারণকে উজ্জীবিত করবে।
অন্যদিকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ঘোষণা অনুযায়ী ‘ইকো সিস্টেম রেস্টোরেশন (প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার)’ প্রতিপাদ্যে এবং ‘জয়েন #জেনারেশন রেস্টোরেশন (প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি)’ স্লোগানে সমগ্র পৃথিবী এ বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করবে।
এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের বিপুল জনগোষ্ঠী বিশেষ করে বর্তমান প্রজন্ম, পরিবেশ ব্যবস্থা ও জীব বৈচিত্র্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে সরকার।
Leave a Reply