দিনাজপুর প্রতিনিধি
করোনা সংক্রমণরোধে দেশব্যাপী কঠোর লকডাউনের প্রথমদিনে দিনাজপুরে গণপরিবহন চলাচল করেনি। শহরের দোকানপাট বন্ধ ছিল। তবে বিক্ষিপ্তিভাবে কিছু অটোরিক্সা, ভ্যান বিভিন্ন সড়কে চলতে দেখা গেছে। পাশাপাশি জনসাধারনের চলাচলও ছিল সীমিত আকারে। লকডাউন বাস্তবায়নে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার আনোয়ার এর নেতৃত্বে সকাল থেকেই ভ্রাম্যমান টহল ইউনিট পরিচালনা করা হয়। মাঠ পর্যায়ে ছিল সেনাবাহিনীসহ বিজিবি, র্যাব, পুলিশসহ ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেদের টিম।টহল ছাড়াও শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান ছিল।
এদিকে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার নেতৃত্বে একটি দল ও সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসানের নেতৃত্বে আরেকটি দল বিজিবি ও পুলিশের সমন্বয়ে সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন স্পটে মনিটরিং করেন। এসময় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মাস্ক না পরা ও সরকারি নির্দেশনা অমান্য করায় ৫জনকে ৩৫০০ টাকা জরিমানা করেছে।
অপরদিকে, লকডাউনে স্বাভাবিক ছিল দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। চলেছে অন্যান্য দিনের মতোই ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ও ছাড়করণ কাজ। ফলে স্থলবন্দরে পিঁয়াজ, চাল, গম, ভুট্টা, পাথরসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত রয়েছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকার স্থলবন্দরের শুল্ক স্টেশনগুলো চালু রেখেছে।
এ ব্যাপারে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, লকডাউন চলাকালে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার কোনো সরকারি নির্দেশনা না থাকায় স্বাস্থ্যবিধি মেনে স্থলবন্দরের আমদানি-রপ্তানি, পণ্য ট্রাকে ওঠা-নামার কাজ স্বাভাবিক নিয়মেই চলছে।
Leave a Reply