বাগেরহাট গ্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলা নারী ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি দম্পতিকে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে তাদের বাড়ি থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।
রবিবার প্রতিবেশীরা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি (৫০) ও তার স্বামী শেখ আলতাপ মাহামুদকে (৬০) অচেতন অবস্থায় উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর হোসনেয়ারার জ্ঞান ফিরলেও এখনও অচেতন রয়েছেন তার স্বামী।
ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি জানান, রাত ২টা পর্যন্ত তারা জেগে ছিলেন। এরপর তারা ঘুমিয়ে পড়েন। পরে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে ছিটিয়ে দেয়। এতে তারা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারী ভেঙে প্রায় ১৪ ভরি স্বর্ণের গহনা ও নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে যায়। ভোরে প্রতিবেশীরা তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর তার জ্ঞান ফিরলেও এখনও তার স্বামী অচেতন রয়েছেন বলে জানান তিনি।
রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দীন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়াসহ অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।
Leave a Reply